
মোঃ মোশারফ হোসেন
আসন্ন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে কলেজের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন-এর সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক আন্তরিক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য ফয়জুন নাহার চৌধুরী, পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল মোমেন, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ধান্যদৌল আবদুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল কুদ্দুসসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর জীবনে এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ পরীক্ষার মাধ্যমে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়। তাই আত্মবিশ্বাস, অধ্যবসায়, সততা ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, মানসিক দৃঢ়তা এবং নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ভালো ফলাফলের পাশাপাশি একজন সৎ, আদর্শবান ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা ও পরিশ্রমকে সঙ্গী করলে সফলতা অবশ্যই ধরা দেবে।” তিনি শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন এবং অভিভাবক ও শিক্ষকদের প্রতি তাদের পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা জোগানোর আহ্বান জানান।
কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ৭৯ জন শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে সকল পরীক্ষার্থীর সফলতা, সুস্বাস্থ্য, নিরাপদ পরীক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পরে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্য অর্জনের জন্য শুভকামনা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।