
কুমিল্লার চান্দিনা উপজেলার বড়ইয়া কৃষ্ণপুর দক্ষিণপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মফিজুল ইসলাম সবুজের বিদায়ী সংবর্ধনা ও গার্ডিয়ান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র কাজী আবু সাইম। পরে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সুহিলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মো. আবু হানিফ ভূইয়া, বিদায়ী সংবর্ধনাপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মফিজুল ইসলাম সবুজ, মাদ্রাসার মুহতামিম মাওলানা নাঈমুল ইসলাম, শিক্ষক মো. মাসুদুল আলম, হাফেজ লুতফুর রহমান, ইঞ্জিনিয়ার আমানুল্লাহ, মাদ্রাসার সেক্রেটারি আবু তালেব ভূইয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সমাজে শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রযুক্তির এই যুগে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি শিশু-কিশোরদের অতিরিক্ত আসক্তি তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানের লেখাপড়ার অগ্রগতি, নিয়মিত ক্লাসে উপস্থিতি, পরীক্ষার ফলাফল এবং নৈতিক উন্নয়ন সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। একই সঙ্গে মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মনোযোগ সহকারে পড়াশোনা, ইসলামী আদর্শ অনুসরণ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার এবং তাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী সংবর্ধনা উপলক্ষে ইঞ্জিনিয়ার কাজী মফিজুল ইসলাম সবুজের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ ও মাদ্রাসার শিক্ষকরা। এ সময় উপস্থিত সবাই তার ভবিষ্যৎ জীবনের সফলতা ও কল্যাণ কামনা করেন।সবশেষে দেশ, জাতি, মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়ন এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।