
কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ওয়ার্ড মেম্বারসহ কয়েকজনের বিরুদ্ধে মুরাদনগর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাতমোড়া এলাকায় জমি মাপজোককে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ওয়ার্ড মেম্বার বাহারউদ্দিন এবং তার দুই ভাই কাউসার ওরফে রব ও মোশারফ হোসেন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় সাবেক মেম্বার আলী নেওয়াজ গুরুতর আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার সাক্ষী নাসরিন বেগম জানান, প্রতিবেশীরা জমি মাপার জন্য আমিন নিয়ে আসেন। জমির সীমানা নিয়ে আপত্তি উঠলে বিষয়টি বুঝে ওঠতে না পেরে তিনি সাবেক মেম্বার আলী নেওয়াজকে ঘটনাস্থলে ডাকেন। তার দাবি, আলী নেওয়াজ সেখানে পৌঁছানোর পরপরই কাউসার ওরফে রব রামদা দিয়ে তার মাথায় আঘাত করেন এবং মোশারফ হোসেন লোহার শাবল দিয়ে আঘাত করেন। এতে আলী নেওয়াজ মাটিতে লুটিয়ে পড়লে, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার পর অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত ব্যক্তির ছেলে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগটি গ্রহণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।