
বরুড়ায় মডেল মসজিদ উদ্বোধন ও কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
কুমিল্লার বরুড়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৭ই মে (রবিবার) সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মডেল মসজিদের উদ্বোধন করেন। একই দিনে তিনি স্থানীয় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতিও বিতরণ করেন।
মডেল মসজিদ উদ্বোধনকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, ইসলামের অভ্যন্তরীণ ঐক্য ও সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মন্ত্রী এ সময় আরও বলেন, “ইসলামের মূল বিষয়ে আমরা সবাই এক। কিছু জায়গায় দৃষ্টিভঙ্গির ভিন্নতা বা মতভেদ থাকলেও, তা এই মডেল মসজিদের কনফারেন্স এবং গবেষণা রুমে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। কোনো বিভেদ বা উগ্রতার স্থান এখানে নেই। “”বর্তমান সরকার ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে এবং ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণ করছে। এই মসজিদটি কেবল ইবাদতের কেন্দ্রই হবে না, বরং এটি ইসলামিক সংস্কৃতি, শিক্ষা ও গবেষণার একটি আধুনিক কেন্দ্র হিসেবে কাজ করবে।” তিনি সঠিক ধর্মীয় শিক্ষা চর্চার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও উগ্রবাদ থেকে দূরে থাকার আহ্বান জানান।
মসজিদ উদ্বোধন শেষে মন্ত্রী স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যের আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।
কৃষি যন্ত্রপাতি বিতরণকালে মন্ত্রী বলেন, “বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষকদের ভাগ্য উন্নয়ন ও কৃষিকে আধুনিকীকরণ করতে সরকার বদ্ধপরিকর। আজ যে আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হলো, তা বরুড়ার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের শ্রম ও খরচ কমাতে বড় ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় কৃষক ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ পেয়ে এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি হাতে পেয়ে এলাকার মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।