
মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কুমিল্লা উত্তর জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে প্রভাষক ডাঃ জুয়েল মাহমুদকে সভাপতি, মোঃ আমজাদ হোসেন সুমনকে সাধারণ সম্পাদক এবং মোঃ আক্তার হোসেন ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪২ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আবেদ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এ ঘোষণাকে কেন্দ্র করে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নবনির্বাচিত সভাপতি প্রভাষক ডাঃ জুয়েল মাহমুদ বলেন, “মানবাধিকার রক্ষা ও সামাজিক বৈষম্য দূরীকরণে আমরা কুমিল্লা উত্তর জেলায় সক্রিয় ভূমিকা পালন করব। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে গড়ে তোলার চেষ্টা করব।”
সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সুমন বলেন, “মানুষের অধিকার আদায়, সচেতনতা বৃদ্ধি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের প্রধান লক্ষ্য। সংগঠনের সকল নেতাকর্মীকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
এদিকে সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন ভূঁইয়া বলেন, “সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। জেলার প্রতিটি উপজেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।”
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলায় মানবাধিকার বিষয়ক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।