
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোরীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (দাবি) উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে ব্র্যাকের দাবি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন ব্র্যাক সল্প-এর কর্মকর্তা জান্নাতুল নেছা লাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সহকারী জেলা কো-অর্ডিনেটর মো. মোনতাসিরুল ইসলাম, দাবি শাখা ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা বেলাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, “কিশোরীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি আয়ের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাঁস-মুরগি পালন শুধু পারিবারিক পুষ্টি নিশ্চিত করবে না, বরং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেও সহায়তা করবে। সমাজের উন্নয়নে কিশোরীদের অংশগ্রহণ বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন।”
বক্তারা বলেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মাধ্যমে কিশোরীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অধিকার সচেতনতা এবং ক্ষুদ্র আয়ের সুযোগ তৈরিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণের মাধ্যমে কিশোরীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার সুযোগ পাবে।
অনুষ্ঠান শেষে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এ সময় উপকারভোগী কিশোরীরা ব্র্যাকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের ভবিষ্যৎ উন্নয়নে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে।