
কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের আছাদপুর গ্রামে অনলাইন জুয়ায় বিপুল পরিমাণ অর্থ হারানোর পর বিষাক্ত ট্যাবলেট সেবনকারী মেরাজুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মেরাজুল ইসলাম উপজেলার আছাদপুর ইউনিয়নের আছাদপুর গ্রামের মরহুম মোমেন হোসেনের মেজো ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, মেরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। গত প্রায় ১৫ দিনে তিনি অনলাইন জুয়ায় প্রায় ২২ লাখ টাকা হারান। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
একপর্যায়ে সোমবার(২২ জুন) বিষাক্ত ‘কেরি’ ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার(২৩ জুন) সকালে তার মৃত্যু হয়।
স্বজনদের দাবি, অনলাইন জুয়ার কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি ও মানসিক চাপই তাকে এমন চরম সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ গ্রাম আছাদপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল অনলাইন জুয়ার ভয়াবহতা রোধে জনসচেতনতা বৃদ্ধি সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।