
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার হোমনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন। জাতীয় পর্যায়ে উদ্বোধনের পর একযোগে দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে মেলার কার্যক্রম শুরু হয়।
হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত স্থানীয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম মানিক,উপজেলা সাবরেজিষ্ট্রার মিলন কুমার শিউলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, হোমনা থানার এস আই মীর হোসেন, সাংবাদিক মো. আবদুল হক সরকার, এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, মো. কামাল হোসেন সহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষন শেষে ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয় এবং ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হওয়ায় এখন নামজারি, খতিয়ান, পর্চা উত্তোলন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। এতে সময় ও ব্যয় কমার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, উপজেলার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ বিপুল জনগোষ্ঠীকে কার্যকর সেবা দিতে ভূমি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে অক্ষরজ্ঞানহীন ও সাধারণ মানুষ যেন অনলাইন নামজারি প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দেন।
জানাগেছে,ভূমি মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য প্রদান, তাৎক্ষণিক পরামর্শ এবং অনলাইনে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে। এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।