
কুমিল্লার দেবীদ্বার উপজেলার উনঝুটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও আবেগঘন আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছেন স্থানীয়রা। পরে ফুলসজ্জিত গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন আয়োজকরা।
বুধবার (২০ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করে উনঝুটি আদর্শ পাঠাগার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, মো. গোলাম মোস্তফা দীর্ঘ ১৭ বছর ধরে উনঝুটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ দিনে তাকে ফুলেল শুভেচ্ছা, স্মৃতিচারণ, আবেগঘন মানপত্র পাঠ এবং সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। একই অনুষ্ঠানে উনঝুটি গ্রামের আরও ১৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেটকারে করে প্রিয় শিক্ষক মো. গোলাম মোস্তফাকে তার গ্রামের বাড়ি মধুমুড়ায় পৌঁছে দেন স্থানীয়রা। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে পুরো পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।
৯ নম্বর গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গোলাম মহিউদ্দিন জয়নালের সভাপতিত্বে এবং মো. ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী, বিএনপি ঢাকা গুলশান থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঢাকা তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুল আউয়াল খান।
বিশেষ অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
এ সময় আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রাহেলা মজুমদার, মো. কামরুজ্জামান ভূঁইয়া, মো. মফিজুল ইসলাম, সেলিনা আক্তার, সৈয়দা জামিলা বেগম, খোরশেদ আলম খান, তোফায়েল হোসেন খান, মিজানুর রহমান ও সাংবাদিক মো. আবুল কালাম আজাদসহ অনেকে।