
নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে এক বিশাল পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলার বাগমারা এলাকায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এনসিপি’র পদযাত্রাটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা হাই স্কুল সংলগ্ন বালুর মাঠ থেকে শুরু হয়ে বাগমারা দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সমাবেশে উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা এখানে যারা আছি, সবাই কুমিল্লার সন্তান। আজ আমরা আপনাদের মাঝে এনসিপি’র দাওয়াত নিয়ে এসেছি। তারুণ্যনির্ভর এই দলটির সাংগঠনিক কার্যক্রম কুমিল্লার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করা হবে।”
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা তুলে ধরে তিনি বলেন, “একটি জয়ের আকাঙ্ক্ষা নিয়ে জুলাই মাসে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা রাজপথে নেমেছিলেন। পরবর্তীতে অনেকে তাদের অঙ্গীকার থেকে সরে গেলেও সাধারণ মানুষ পিছু হটেনি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এত মানুষের শাহাদাত ও ত্যাগের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, তারা ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে কেড়ে নিয়েছে। বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা হয়েছে। এভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে একদলীয়করণ ও রাজনৈতিকীকরণ করা হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, “আজ বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হচ্ছে। উপাচার্য ও শিক্ষক নিয়োগে মেধার মূল্যায়ন না করে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়া প্রার্থীদের বাদ দিয়ে দলীয় বিবেচনায় ১৮তম অবস্থানে থাকা ব্যক্তিকেও নিয়োগ দেওয়া হচ্ছে।”
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণজোয়ারের সূচনা সবসময় একজন থেকেই হয়। আমরাও এক থেকে শুরু করেছি এবং সংসদে আমাদের শক্ত অবস্থান তৈরি করেছি। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে মানুষের চাওয়া-পাওয়াকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বাস্তবায়ন করতে চাই।”
লালমাই উপজেলা এনসিপি’র উদ্যোগে আয়োজিত এ সমাবেশে ‘ন্যায়বিচার, সংহতি, সমতা ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি এনসিপি’র বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ, কুমিল্লা জেলার তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহ এবং লালমাই উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী কবির হোসাইন রুমন ও জাহিদুল ইসলাম ফারাবীসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।